বাংলাদেশের সরকার উৎখাতে ইসরায়েলের সঙ্গে ‘ষড়যন্ত্রে’ জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা আসলাম চৌধুরীকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ।
তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে একটি মামলা দায়ের করারও প্রস্তুতি চলছে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।
ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মারুফ হোসেন সরদার জানান, ঢাকার হাকিম আদালতে হাজির করতে সোমবার দুপুর সোয়া ১টার দিকে আসলাম চৌধুরীকে পুরান ঢাকার আদালত পাড়ায় নেওয়া হয়।
“তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে দশ দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চাওয়া হবে।”
গোয়েন্দা পুলিশের উপকমিশনার শেখ নাজমুল আলম জানান, রোববার সন্ধ্যায় নারায়ণগঞ্জ যাওয়ার পথে ঢাকার খিলক্ষেতে ৩০০ ফুট রাস্তা থেকে আসলাম চৌধুরীকে গ্রেপ্তার করা হয়।
ওই সময় তার সঙ্গে গাড়িতে থাকা তার এক সহযোগী এবং চালককেও আটক করে পুলিশ। পরে তাদের নিয়ে যাওয়া হয় মিন্টো রোডের ডিবি কার্যালয়ে।
তার আগে রোববার দুপুরে এই বিএনপি নেতার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আরোপের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
এসএম





