বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় বুধবার মামলার চার্জশিট আদালতে দাখিল করার কথা থাকলেও আসামি আটক করার অজুহাতে তা করা হচ্ছে না।
বুধবার সকালে মামলার তদন্ত কর্মকর্তা বিজয় কৃষ্ণকর এ খবর নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য সময় বাড়ানোর আবেদন করা হবে। এর আগে মোট ৮ দফা আদালত মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য সময় বাড়িয়েছেন। তারপরও তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারেনি সিআইডি পুলিশ।
গত ২৪ নভেম্বর মামলার তদন্ত প্রতিবেদন দাখিলে সময় ক্ষেপণের কারণ দর্শাতে ঢাকা মুখ্য বিচারিক হাকিম শহীদুল ইসলাম তদন্ত কর্মকর্তাকে নোটিশ দেন। নোটিশের জবাবে বিজয় কৃষ্ণকর আদালতকে বলেন, রানা প্লাজা ধসের ঘটনাটি একটি ভয়াবহ মানবসৃষ্ট হত্যাকাণ্ড। যা সারা বিশ্বে আলোড়ন তৈরি করেছে। এ ঘটনার সাথে জড়িত প্রত্যক্ষ অথবা পরোক্ষে যারা আছে তাদের বিরুদ্ধে সিআইডি পুলিশ দালিলিক সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করছে এবং বিশেষজ্ঞদের মতামতসহ নিহত ও আহতের আত্মীয়-স্বজনদের জবানবন্দি গ্রহণে একটু সময় লাগছে।
মামলার তদন্তে যথেষ্ট অগ্রগতি হয়েছে। আমরা দ্রুত গতিতে তদন্ত প্রতিবেদন দাখিলের চেষ্টা করছি।
[b]ঢাকা, ২১ মে (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]