একুশে টিভির বিশেষ প্রতিনিধি অখিল পোদ্দারকে নির্যাতনের ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে ফৌজদারি কারা বিধির ১৫৪ ধারায় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে দায়ি ব্যক্তিদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না”মর্মে ৪ সপ্তাহের রুলও জারি করা হয়েছে।

রোববার বিচারপতি মইনুল ইসলামী চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এ নির্দেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন,অ্যাডভোকেট মনজিল মোরসেদ।

রিটের বিবাদীরা হলেন,স্বরাষ্ট্র সচিব,আইজিপি,ডিসি,এসপি এবং এএসপি কুষ্টিয়া,ওসি কুমারখালী ও এএস আই আবুল কালাম আজাদ।

এর আগে রোববার সকালে হাইকোর্টের সংশ্লিষ্ঠ শাখায় আইনজীবী মনজিল মোরসেদ অখিল পোদ্দারের পক্ষে রিট আবেদনটি দায়ের করেন।

গত ২৭ আগস্ট কুষ্টিয়া থেকে খোকশায় নিজ বাড়িতে ফেরার পথে মোটরসাইকেল থামিয়ে একুশে টিভির বিশেষ প্রতিনিধি অখিল পোদ্দারকে বেধড়ক মারধর করে এবং হ্যান্ডকাপ পরিয়ে থানায় নিয়ে যায় পুলিশ।

পরে স্থানীয় সাংবাদিকরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। এ ঘটনায় কুমারখালি থানার জড়িত এএসআই আবুল কালাম আজাদকে ওইদিনই জেলা পুলিশে প্রত্যাহার করে নেয়া হয়।

ঢাকা, কেএ, ৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর