নারায়ণগঞ্জের আলোচিত সাত অপহরণ ও খুনের ঘটনার পর এবার এক বাকপ্রতিবন্ধী তরুণীকে অপহরণের খবর পাওয়া গেছে।অপহরণের ৩ দিন পরও বাকপ্রতিবন্ধী ওই তরুণীকে উদ্ধার করতে পারেনি পুলিশ।
নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার উত্তর ষোলপাড়া গ্রাম থেকে শনিবার ওই তরুণীকে অপহরণ করা হয়েছে।
অপহৃত তরুণীর মা শিরীনা বেগম মঙ্গলবার রাতে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ রাতেই এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে জাহাঙ্গীর হোসেন নামে একজনকে আটক করেছে।
সোনারগাঁও পৌরসভার রাইজদিয়া গ্রামের সিএনজি চালিত অটোরিকশা চালক জাহাঙ্গীর হোসেন (৩৫) শনিবার দুপুরে তাদের বাড়ির পাশের সড়ক থেকে তার বাক প্রতিবন্ধী মেয়েকে (২৫) অপহরণ করে। অপহরণকারী তার মেয়েকে অজ্ঞাত স্থানে নিয়ে আটক করে রেখেছেন বলে অভিযোগ করেছেন অপহৃতের মা।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, এ ব্যাপারে জাহাঙ্গীর হোসেনের সঙ্গে তারা যোগাযোগ করলে প্রথমে তিনি বিষয়টি অস্বীকার করেন। পরে সে স্বীকার করে ঐ মেয়েকে সোনারগাঁও উপজেলা সদরের পাশে একটি ব্রিজের কাছে নামিয়ে দিয়েছে।
সোনারগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) অজয় কুমার পাল জানান, তরুণীর মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে জাহাঙ্গীর হোসেনকে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তরুণীটিকে উদ্ধারের জন্য পুলিশ চেষ্টা চালাচ্ছে।
ঢাকা, ২১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসআর





