জিয়া চ্যারিটেবল ট্রাষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তার পুনরায় সাক্ষ্য গ্রহণ এবং তদন্তের নথি তলবের আবেদন খারিজের আদেশের বিরুদ্ধে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার করা রিভিশন মামলার শুনানি হাইকোর্টে শুরু হয়েছে।

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের ডিভিশন বেঞ্চে বুধবার শুনানি শুরু হয়। খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এজে মোহাম্মদ আলী।

বৃহস্পতিবার এ বিষয়ে পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে। শুনানিকালে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও দুদক কৌসুলি খুরশীদ আলম খান উপস্থিত ছিলেন।

গত ১৭ এপ্রিল ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আবু আহমেদ জমাদার খালেদা জিয়ার দুটি আবেদন খারিজ করে দেন। ওই খারিজ আদেশের বিরুদ্ধে রিভিশন মামলা করেন খালেদা জিয়া।

জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় মামলা করে দুদক।

এমআইএস