ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর (মোহাম্মদপুর) তারেকুজ্জামান রাজীবকে মানি লন্ডারিং আইনের মামলায় দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিল্লাত হোসেন এই আদেশ দেন।

গত ১২ ফেব্রুয়ারি রাজধানীর মোহাম্মদপুর থানায় সিআইডির পক্ষ থেকে মানি লন্ডারিংয়ের এই মামলা হয়। সেই মামলায় তাকে সোমবার (২৪ ফেব্রুয়ারি) আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে তদন্ত সংস্থা সিআইডি।

শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গত বছরের ১৯ অক্টোবর দিনগত রাতে বন্ধুর বাসায় আত্মগোপনে থাকা রাজীবকে গ্রেফতার করে র‌্যাব। এসময় ওই বাসা থেকে সাতটি বিদেশি মদের বোতল, একটি পিস্তল, একটি ম্যাগজিন, তিন রাউন্ড গুলি, নগদ ৩৩ হাজার টাকা ও একটি পাসপোর্ট জব্দ করা হয়।

গত ২০ অক্টোবর রাতে রাজধানীর ভাটারা থানায় অস্ত্র ও মাদক আইনে রাজীবের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করে র‌্যাব। এসব মামলায়ও তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

২০১৫ সালে কাউন্সিলর নির্বাচনে তিনি ছিলেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। দলীয় প্রার্থী ও মহানগর উত্তর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শেখ বজলুর রহমানকে হারিয়ে নির্বাচিত হন রাজীব।

এমবি