বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর আনুমানিক ১টা ৫০ মিনিটে উপজেলার আমভিটা-রামকৃষ্ণপুর জোড়া বটতলা এলাকায় একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে। নিহত তরিকুল ডুমুরিয়া উপজেলার ১২ নম্বর রংপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে আমভিটা-রামকৃষ্ণপুর জোড়া বটতলা এলাকার গফফারের চায়ের দোকানে বসে ছিলেন তরিকুল। এ সময় হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত দোকানে ঢুকে তাঁকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এরপর দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা। গুলিতে ঘটনাস্থলেই তরিকুলের মৃত্যু হয়।
দিনের ব্যস্ত সময়ে প্রকাশ্যে এ হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় দোকানপাটও বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে স্থানীয়রা ডুমুরিয়া থানা পুলিশকে বিষয়টি জানান। তবে হত্যার কারণ এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ ও সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ শুরু করেছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
এস











