নিষিদ্ধ ঘোষিত জামায়াতুল মুজাহেদীন বাংলাদেশের (জেএমবি) ভারপ্রাপ্ত আমির আবদুল্লাহ আল তাসনিম ওরফে নাহিদসহ সতসদস্যকে পৃথক দুই মামলায় সাতদিনের রিমান্ড দিয়েছেন আদালত।

সন্ত্রাসবিরোধী আইনের পৃথক একটি মামলায় দু’দিনের রিমান্ডে ছিলেন ওই জেএমবি সদস্যরা। রিমান্ড শেষে সোমবার তাদের ঢাকার সিএমএম আদালতে হাজির করে দুই মামলায় ১০ দিন করে ২০ দিনের রিমান্ডের আবেদন জানান ডিবি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক।

শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দুই দিন ও বিস্ফোরক আইনের মামলায় পাঁচ দিনসহ মোট সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

গত ১৮ সেপ্টেম্বর গভীর রাতে রাজধানীর তুরাগ থানার আশুলিয়া ল্যান্ডিং স্টেশন পার্ক থেকে জেএমবির একাংশের ভারপ্রাপ্ত আমির তাসনিমসহ সাত জনকে গ্রেফতার করে মহানগর ডিবি পুলিশ।

গ্রেফতারকৃত অন্যরা হলেন নাঈম আলী (২৮), সিকান্দার আলী ওরফে নকি (২৫), মাহমুদ ইবনে বাশার (২৩), মাসুম বিল্লাহ (২৬), ফুয়াদ হাসান (১৮) এবং আলী আহম্মেদ (২৪)।

১৯ সেপ্টেম্বর আদালতে হাজির করে তাদেরকে দু’দিন করে রিমান্ডে নেয়া হয়।

ঢাকা, ২২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ