আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর দেয়া রায়ের কপি ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলামসহ ৭ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার ঢাকা মহানগর মুখ্য হাকিম আদালতে মামলার গোয়েন্দা পুলিশের কর্মকর্তা মো. শাজাহান এ চার্জশিট দাখিল করেন।

চার্জশিটে থাকা অন্য আসামিরা হলেন : ট্রাইব্যুনালের মাস্টাররোলের কর্মচারী নয়ন আলী, মুদ্রাক্ষরিক ফারুক, মাহবুবুল হোসেন, মেহেদী হাসান, হুম্মাম কাদের ও ফারহাত কাদের। একাত্তরের মানবতাবিরোধী অপরাধে সাকা চৌধুরীকে গত বছরের ১ অক্টোবর মৃত্যুদন্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

রায়ের পর সাকা চৌধুরীর পরিবার দাবি করেন, রায় ফাঁস হয়েছে। এ রায় আইন মন্ত্রণালয় থেকে বেরিয়েছে, যা তারা আগেই ইন্টারনেটে পেয়েছেন। ২ অক্টোবর ট্রাইব্যুনালের রেজিস্ট্রার নাসির উদ্দিন মাহমুদ রাজধানীর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

ট্রাইব্যুনালের কম্পিউটার থেকে রায়ের খসড়া ফাঁস হয়ে থাকতে পারে বলে জিডিতে উলেস্নখ করা হয়।

ঢাকা, ২৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ