সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার (এসকে সিনহা) বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে গত বছরের ২৭ সেপ্টেম্বর রাজধানীর শাহবাগ থানায় মামলা করেছিলেন ব্যারিস্টার নাজমুল হুদা।
তদন্তে এই অভিযোগের সত্যতা না মেলায় উল্টো নাজমুল হুদার বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (৪ ডিসেম্বর) দুদকের মহাপরিচালক (বিশেষ তদন্ত) সাঈদ মাহবুব খান এই তথ্য নিশ্চিত করেন।
গত বছরের ২৭ সেপ্টেম্বর ব্যারিস্টার নাজমুল হুদা বাদী হয়ে শাহবাগ থানায় এস কে সিনহার বিরুদ্ধে মামলাটি করেন। মামলার অভিযোগে তিনি বলেছিলেন- তত্ত্বাবধায়ক সরকারের আমলে তার বিরুদ্ধে হওয়া একটি মামলা উচ্চ আদালতে ডিসমিস করার পরও প্ররোচিত হয়ে মামলাটির রায় পরিবর্তন করা হয়।
মামলাটি ডিসমিস করতে দুই কোটি টাকা ও অন্য একটি ব্যাংক গ্যারান্টির আড়াই কোটি টাকার অর্ধেক এক কোটি ২৫ লাখ টাকা উৎকোচ চান এসকে সিনহা।
দুদক মহাপরিচালক সাঈদ মাহবুব বলেন, উনি (ইকবাল) তদন্ত প্রতিবেদন ‘ফাইনাল রিপোর্ট অ্যাজ ইন্টেনশনালি ফলস’ হিসেবে দাখিল করেছেন। কমিশন এই অভিযোগ থেকে বিচারপতি সিনহাকে অব্যাহতি দিয়েছে।
আর মিথ্যা তথ্য দেয়ার অভিযোগে ব্যারিস্টার নাজমুল হুদার বিরুদ্ধে দুদক আইনের ২৮(গ) (২) ধারায় মামলা করতে কমিশন অনুমোদন দিয়েছে।
এএস





