বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এস এম খবিরুজ্জামানের দাখিলকৃত সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে তার বিরুদ্ধে অবৈধ সম্পদের খোঁজ পাওয়ার পরই সম্পদ হিসাব চেয়ে নোটিস দেন দুদকের অনুসন্ধান কর্মকর্তা।

এরপরই সম্পদ বিবরণী দাখিল করেন বিটিসিএলের প্রাক্তন এমডি। এর পরিপ্রেক্ষিতে দাখিলকৃত সম্পদ বিবরণী যাচাইয়ে সম্প্রতি দুদক উপপরিচালক মো. জাহাঙ্গীর আলমকে নিয়োগ দেওয়া হয়েছে। দুদকের একটি সূত্র এ কথা নিশ্চিত করেছে।

এ বিষয়ে দুদক সূত্রে জানা যায়, ২০০৯ সালে খবিরুজ্জামানের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়ার পর দুদকের প্রাক্তন উপপরিচালক (বর্তমানে পরিচালক) আবু সাইদকে কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। দীর্ঘ অনুসন্ধানের এক পর্যায়ে ২০১১ সালে প্রথমবারের মতো কর্মকর্তা পরিবর্তন করে দুদকের উপপরিচালক মোনায়েম হোসনেকে অনুসন্ধান কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়।

দুদকের অনুসন্ধানে খবিরুজ্জামানের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ পাওয়ার পর অনুসন্ধান কর্মকর্তা সম্পদের হিসাব চেয়ে নোটিস দেন।এর পরিপ্রেক্ষিতে সম্পদ বিবরণী দাখিল করেন প্রাক্তন বিটিসিএল এমডি। আর ওই সম্পদ বিবরণী যাচাইয়ে সম্প্রতি দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলমকে নিয়োগ দিয়েছে কমিশন।

এআইজে