দেশের সব বিভাগের মতো আদালত অঙ্গনেও করোনারোগীর সংখ্যা বেড়ে চলেছে। সারা দেশের অধস্তন আদালতের ২৬ জন বিচারক ও সুপ্রিম কোর্ট ও নিম্ন আদালতের ৯৭ জন কর্মচারীসহ মোট ১২৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান এই তথ্য জানান।

সুপ্রিম কোর্টের এই কর্মকর্তা বলেন, ‘ভার্চুয়াল পদ্ধতিতে আদালতে বিচারকাজ পরিচালনা ও দায়িত্ব পালনের সময় ২৩ জুন পর্যন্ত অধস্তন আদালতের ২৬ জন বিচারক, সুপ্রিম কোর্টের ২৬ জন কর্মচারী ও অধস্তন আদালতের ৭১ জন কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।’

এ ছাড়া নওগাঁ জেলা জজ আদালতের মহিউদ্দিন মোহন নামক একজন অফিস সহায়ক করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। তবে তাঁর করোনা পরীক্ষার ফলাফল এখনো পাওয়া যায়নি।

আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী আনিসুল হক আইন ও বিচার বিভাগ কর্তৃক পরিচালিত মনিটরিং ডেস্কের রিপোর্ট প্রতিদিন পর্যবেক্ষণ করছেন এবং আক্রান্তদের খোঁজ-খবর রাখছেন। এজন্য আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার প্রতিদিনের রিপোর্ট রাত ১০টার মধ্যে আইনমন্ত্রীকে অবহিত করছেন এবং মন্ত্রীর পরামর্শ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করছেন।

আক্রান্ত বিচারকদের মধ্যে মধ্যে সুস্থ হয়েছেন দুজন। তাঁরা হলেন- নেত্রকোনার জেলা ও দায়রা জজ মো. শাহজাহান কবির এবং মুন্সীগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রোকেয়া রহমান।

আক্রান্ত কর্মচারীদের মধ্যে সুস্থ হয়েছেন একজন এবং মৃত্যুবরণ করেছেন একজন।

এমআর