মুন সিনেমা হলের মালিক ইটালিয়ান মার্বেলস ওয়ার্কস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাকসুদুল আলমের হাতে প্রায় ১০০ কোটি টাকার চেক হস্তান্তর করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ১৯৭২ সালের করা মামলা নিষ্পত্তি করে আজ মঙ্গলবার ৪৭ বছর পর টাকা পেলেন জমির মালিক মাকসুদুল আলম।

একই সঙ্গে মুন সিনেমা হলের ওই জায়গা আগামীকালের মধ্যে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নামে রেজিস্ট্রি করে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। আজ প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন।

আপিল বিভাগ আদালতে উপস্থিত মাকসুদুল আলমের হাতে চেক হস্তান্তর করে জানতে চান, কত টাকা পেলেন? তখন মাকসুদুল আলম আল-আরাফাহ ব্যাংকের অ্যাকাউন্টপেয়ি ওই চেক পড়ে বলেন, ৯৯ কোটি ২১ লাখ ৭৩ হাজার ৭৪ টাকা ২৭ পয়সা।

এ সময় মাকসুদুল আলমের পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি এবং সরকারের পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

আদেশের পর টাকা পাওয়ায় জমির মালিক মাকসুদুল আলম এনটিভি অনলাইনকে বলেন, ‘দীর্ঘ ৪৭ বছর পর জমির টাকা পেয়েছি। আমার জমির মূল্য আরো বেশি ছিল। আমি আরো বেশি চাহিদা দাবি করেছি। সে তুলনায় টাকা কমই পেয়েছি।’

মাকসুদুল আলম বলেন, ‘আমার তিন ছেলেমেয়ে। এরা সবাই দেশের বাইরে থাকে। আমরা স্বামী-স্ত্রী দেশে থাকি। এ মামলার জন্য দীর্ঘ লড়াই করতে হয়েছে। তবু নিষ্পত্তি হলো, এ জন্য খুশি।’

মামলার বিবরণে জানা যায়, পুরান ঢাকার ওয়াইজঘাটে একসময়ে মুন সিনেমা হলের মালিক ছিল ইটালিয়ান মার্বেল ওয়ার্কস লিমিটেড নামে একটি কোম্পানি। মুক্তিযুদ্ধের সময় ওই সম্পত্তি পরিত্যক্ত ঘোষণা করা হয়। পরে ওই সম্পত্তি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের অধীনে ন্যস্ত করা হয়। ইটালিয়ান মার্বেলের ব্যবস্থাপনা পরিচালক মাকসুদুল আলম এই সম্পত্তির মালিকানা দাবি করেন।

জিয়াউর রহমানের শাসনামলে ঘোষিত এক সামরিক ফরমানে সরকার কোনো সম্পত্তি পরিত্যক্ত ঘোষণা করলে তা আদালতে চ্যালেঞ্জ করা যাবে না বলা হয়। ইটালিয়ান মার্বেল ২০০০ সালে হাইকোর্টে ওই ফরমানসহ সংবিধানের পঞ্চম সংশোধনী চ্যালেঞ্জ করেন।

২০০৫ সালের ২৯ আগস্ট হাইকোর্ট রায় দেন। রায়ে মোশতাক, সায়েম ও জিয়াউর রহমানের ক্ষমতা গ্রহণের বৈধতা দেওয়া সংবিধানের পঞ্চম সংশোধনী অবৈধ ও সংবিধান পরিপন্থী ঘোষণা করা হয়। এ রায়ের বিরুদ্ধে আপিল করা হয় ২০১০ সালের ২ ফেব্রুয়ারি। আপিল বিভাগ হাইকোর্টের রায় বহাল রাখেন। পাশাপাশি ৯০ দিনের মধ্যে ইটালিয়ান মার্বেলকে মুন সিনেমা হল ফেরত দিতে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টকে নির্দেশ দেওয়া হয়।

কিন্তু সিনেমা হল ফেরত না পেয়ে ২০১২ সালের ১০ জানুয়ারি ইটালিয়ান মার্বেল ওয়ার্কস মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকসহ ছয়জনের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করে। একপর্যায়ে জানা যায়, মুন সিনেমা হলের জায়গায় একটি ডেভেলপার কোম্পানিকে দিয়ে একটি বিশাল মার্কেট তৈরি করেছে এবং তা সেলামি মূল্যে বিক্রি করেছে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট। তাই ওই সিনেমা হলের জায়গা আর ফেরত দেওয়া সম্ভব নয়।

এ অবস্থায় ২০১৭ সালের ১৫ জানুয়ারি আপিল বিভাগ ওই সম্পত্তি অভিজ্ঞ ও নিরপেক্ষ এক প্রকৌশলীকে দিয়ে জমি ও ব্যবস্থাপনার মূল্য নির্ধারণ করে আদালতে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেন। অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীকে দিয়ে এই মূল্য নির্ধারণ করতে বলা হয়।

পরে জামিলুর রেজা চৌধুরীর নেতৃত্বাধীন বিশেষজ্ঞ কমিটি ওই সম্পত্তির মূল্য প্রায় ১০০ কোটি টাকা উল্লেখ করে প্রতিবেদন দেন। এই প্রতিবেদন সরকার আদালতে দাখিল করে। এরপর আপিল বিভাগ টাকা পরিশোধের নির্দেশ দিলে গত ২১ জুলাই অ্যাটর্নি জেনারেল ৯৯ কোটি ২১ লাখ ৭৪ হাজার টাকার একটি চেক আপিল বিভাগে দাখিল করেন।

যে চেকটি আজ ইটালিয়ান মার্বেল ওয়ার্কস লিমিটেডের এমডি মাকসুদুল আলমের হাতে হস্তান্তর করে জমিটি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নামে আগামীকালের মধ্যে রেজিস্ট্রির নির্দেশ দেওয়া হয়।

এমআর