জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান গোলাম হোসেন ও তার স্ত্রী জাকিয়া মনসুর হোসেনের তথ্য চেয়ে রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এ্যাসোসিয়েশন অব বাংলাদেশকে (রিহ্যাব) চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গতকাল সোমবার দুদকের অনুসন্ধানকারী কর্মকর্তা ও উপ-পরিচালক মো. নাসির উদ্দিন তথ্য চেয়ে নোটিশ পাঠান। এতে চলতি (মার্চ) মাসের মধ্যে তথ্য সরবরাহ করতে বলা হয়েছে।

অভিযোগ রয়েছে; রিকন্ডিশন গাড়ির শুল্কায়ন প্রক্রিয়ায় বিদ্যমান আইনকে পাশ কাটিয়ে অবচয় সুবিধা দেওয়া, শুল্ক সুবিধায় পণ্য এনে খোলা বাজারে বিক্রি করে দেওয়ার।

শুধু তাই নয়, শুল্ক গোয়েন্দাদের সংশ্লিষ্ট গার্মেন্টসের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া থেকে বিরত রাখা এবং একাধিক মোবাইল ফোন কোম্পানীর সিম প্রতিস্থাপনের জন্য ৩ হাজার ১০০ কোটি টাকার পাওনা রাজস্বের সুরাহা হয়নি।

আর এ বিষয়ে এনবিআরের সাবেক চেয়ারম্যান গোলাম হোসেনের ভূমিকার বিষয়ে অনুসন্ধান করছে দুদক।

এদিকে ২০১৩ সালের শেষদিকে তৎকালীন এনবিআর চেয়ারম্যান গোলাম হোসেনের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে নামে দুদক।

ওই বছরের ১৭ ডিসেম্বর দুদকের কমিশনার (অনুসন্ধান) ড. নাসিরউদ্দীন আহমেদ স্বাক্ষরিত একটি চিঠি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বরাবর পাঠান।

দীর্ঘ এক বছর অনুসন্ধান করে ওই অনুসন্ধানকারী কর্মকর্তা অভিযোগ নথিভুক্তির সুপারিশ করে কমিশনে প্রতিবেদন দাখিল করেন।

কিন্তু ওই প্রতিবেদনটি গ্রহণযোগ্য না হওয়ায় ২০১৪ সালের শেষদিকে অভিযোগের পুনরায় অনুসন্ধানের নির্দেশ দেয় কমিশন।

জানা যায়, এনবিআরের সাবেক চেয়ারম্যান গোলাম হোসেন ও তার স্ত্রী জাকিয়া মনসুর হোসেনের সম্পদের হিসাব সন্ধানের পাশাপাশি অন্য অভিযোগগুলোরও অনুসন্ধান করা হচ্ছে।

একে, জেএ