ফরিদপুরের ডা. জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতালে সিজারের পর এক প্রসূতির মৃত্যুর ঘটনায় চিকিৎসায় অবহেলা আছে কিনা তা তদন্ত করতে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। অন্তত তিনজন স্ত্রীরোগ ও অবস বিশেষজ্ঞের সমন্বয়ে এই কমিটি করতে বলা হয়েছে।
আগামী তিন সপ্তাহের মধ্যে স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহা-পরিচালককে আদালতে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেয়া হয়েছে।
একইসঙ্গে হাইকোর্ট সিজারিয়ানের পর প্রসূতির মৃত্যুর ঘটনায় অবহেলার কারণে কেন তিন বিবাদীকে দায়ী করা হবে না এই মর্মে রুলে জারি করেছে।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন- আইনজীবী এম কে রহমান ও এম মইনুল ইসলাম।
এম মইনুল ইসলাম বলেন, সিজারিয়ানের পর প্রসূতির মৃত্যুর ঘটনায় অবহেলার কারণে কেন তিন বিবাদীকে দায়ী করা হবে না রুলে তা জানতে চেয়েছে আদালত।
স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, ডা. জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতালের সেক্রেটারি জেনারেল সালাউদ্দিন আহমেদ, ফরিদপুর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ও ডা. জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতালের অতিথি চিকিৎসক দিলরুবা জেবা এবং ওই হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তাকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিট আবেদনটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইশতিয়াক আহমেদ। রিট আবেদনে তিনি সংবাদপত্রে প্রকাশিত একটি প্রতিবেদন যুক্ত করেন।
এমবি





