স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ১০ প্রকৌশলীকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
প্রতিষ্ঠানটির সাবেক প্রধান প্রকৌশলী ওয়াহিদুর রহমানসহ অন্যদের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, বদলি বাণিজ্য ও অবৈধ সম্পদ অর্জনসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে তাদের তলব করা হয়েছে।
আজ মঙ্গলবার দুদকের উপপরিচালক মীর জয়নুল আবেদীন শিবলী এই ১০ জনকে তলব করে এলজিইডির প্রধান প্রকৌশলীকে চিঠি পাঠিয়েছেন। তাঁদের মধ্যে পাঁচজনকে ১৫ এপ্রিল এবং বাকি পাঁচজনকে ১৬ এপ্রিল দুদকে উপস্থিত থাকতে বলা হয়েছে।
যাদের তলব করা হয়েছে তারা হলেন, এলজিইডি সদর দপ্তরের জ্যেষ্ঠ সহকারী প্রকৌশলী মো. জহুরুল আলম মণ্ডল ও ফিরোজ আলম তালুকদার, নির্বাহী প্রকৌশলী মো. আবদুস সাত্তার ও মো. নজরুল ইসলাম, সহকারী প্রকৌশলী আতিয়ার রহমান ও এএফএসকে নজরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শহিদুর রহমান প্রামাণিক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. মহসীন, প্রকল্প পরিচালক (সিডিএসপি-৪) মোহাম্মদ রেজাউল করিম এবং উপজেলা প্রকৌশলী খন্দকার আসাদুজ্জামান।
কেএইচ





