দ্রুত বিচার মামলায় গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মাসুদ এরশাদের ২ দিনের রিমান্ড শেষে অন্য ২ মামলায় আবারও ৪ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।

বুধবার দুপুরে গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মনোয়ারা বেগম একটি মামলার শুনানি শেষে ২ দিন ও অপর আদালত আরও ১টি মামলায় ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এই নিয়ে দুই দফায় ৪ দিনের রিমান্ডে গেলেন এ নেতা।

গত ১ সেপ্টেম্বর কালিয়াকৈরের মৌচাকে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে যুবলীগ-ছাত্রলীগের সংঘর্ষে ১০ জন আহত হয়। এদের মধ্যে সেলিম মিয়া নামে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

এ ঘটনায় পুলিশ গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মাসুদ এরশাদকে আটক করে। অতঃপর দ্রুত বিচার আইনে একটি মামলায় এজাহারভূক্ত করে মঙ্গলবার ৫ দিনের রিমান্ড চেয়ে গাজীপুর আদালতে পাঠায় পুলিশ। আদালতের নির্দেশে বৃহস্পতিবার রিমান্ড শুনানি হওয়ার পর আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পরবর্তি সময় পুলিশ রিমান্ড শেষে আরো ৫ দিনের রিমান্ড চাইলে আদালত রিমান্ড বাতিল করেন।

এদিকে সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায় কালিয়াকৈর থানা পুলিশ ১০ দিনের ও গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ের বিপরীতে এএফসি চাইনিজ রেষ্টুরেন্টে গুলিবর্ষণের মামলায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ৭ দিনের রিমান্ড আবেদন করে।

দুই মামলায় ১৭ দিনের রিমান্ড শুনানি শেষে আদালত দ্বিতীয় দফায় ২ দিন করে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ঢাকা, ১০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ