রাজধানীর আব্দুল্লাহপুরে অভিযান চালিয়ে ২ হাজার ২শ কেজি জাটকা জব্দ ও এর সঙ্গে জড়িত দুইজনকে আটক করেছে র্যাব। অবৈধ জাটকা বিক্রির দায়ে ওই দুইজনকে জেল-জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আটককৃতরা হলেন, মো. মোসলেহ ব্যাপারী (৫৫) ও মো. মোস্তাক (২২)।
মঙ্গলবার সকালে র্যাব-১ এর সিনিয়র এএসপি মো. কামাল উদ্দিন এর নেতৃত্বে একটি দল সুলতান শাহ মৎস আড়তে অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় মৎস অধিদপ্তরের সহকারী পরিচালকের উপস্থিতিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন র্যাব-১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফিরোজ আহম্মেদ।
র্যাবের মিডিয়া উইংয়ের সহকারি পরিচালক ক্যাপ্টেন মাকসুদুল আলম জানান, র্যাব গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, আব্দুল্লাহপুর সুলতান শাহ মৎস আড়তে অবৈধ জাটকা ক্রয়-বিক্রয় হচ্ছে। এ সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালিয়ে তাদের আটক ও ২ হাজার ২শ কেজি জাটকা জব্দ করে র্যাব।
আসামীদের নিজ হেফাজতে অবৈধ জাটকা ইলিশ রাখার অপরাধে ভ্রাম্যমান আদালত কর্তৃক দোষী সাব্যস্ত হওয়ায়, দোষ স্বীকারের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত মৎস সংরক্ষণ ও সুরক্ষা আইনে তাদের প্রত্যেককে ৫ হাজর টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
তাদের দুজনের জরিমানার ১০ হাজার টাকা ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেটের মাধ্যমে সরকারী কোষাগারে জমা করার ব্যবস্থা প্রক্রিয়াধীন।
জব্দকৃত জাটকা আদালতের সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন এতিমখানা কৃর্তপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।
এমকে





