যশোরে রায়পাড়া এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে হাসিবুল হাসান ওরফে জিম তরফদার (১৮) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন।
নিহত জিম শহরের চোরমারা দীঘিরপাড়া এলাকার আজম তরফদারের ছেলে এবং যশোর সরকারি সিটি কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী।
রোববার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়ার হোসেন জানান, হাসিবুল হাসান জিমসহ চার-পাঁচজন যুবক শহরের রায়পাড়ায় মাদক বিক্রেতা বেবীর বাড়ি এলাকায় যায়। পরে দুর্বৃত্তরা জিমকে ছুরিকাঘাত করে।
এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরো জানান, মাদকসেবনের পর কথা কাটাকাটির এক পর্যায়ে জিমকে ছুরিকাঘাত করা হয়।
এমই





