জঙ্গি অর্থায়নের অভিযোগে দায়ের করা দুটি মামলায় ব্যারিস্টার শাকিলা ফারজানার জামিনের ওপর আগামী ২২ ফেব্রুয়ারি আদেশ দেবেন হাইকোর্ট।

বৃহস্পতিবার বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এ দিন নির্ধারণ করেন।

আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন- আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও জেড আই খান পান্না। সঙ্গে ছিলেন আইনজীবী সগীর হোসেন লিওন।

রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন- অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মোমতাজ উদ্দিন ফকির।

মামলার অভিযোগে বলা হয়, গত বছরের ১৮ আগস্ট হামজা ব্রিগেড নামের একটি জঙ্গি সংগঠনকে অস্ত্র কেনার জন্য ১ কোটি ৮ লাখ টাকা জোগান দেন সুপ্রিম কোর্টের আইনজীবী হাসানুজ্জামান লিটন ও জজ কোর্টের আইনজীবী মাহফুজ চৌধুরী বাপনসহ চট্টগ্রামের বিএনপি নেতা সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে বিএনপি নেত্রী ব্যারিস্টার শাকিলা ফারজানা।

এ অভিযোগে ঢাকার ধানমণ্ডি থেকে তাদের আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব। পরে বাঁশখালী ও হাটহাজারীতে দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।

সন্ত্রাস দমন আইনে হাটহাজারী থানায় ও বাঁশখালী থানায় দায়ের করা মামলায় আইনজীবী লিটন ও বাপন গত বছরের ডিসেম্বর জামিন পেয়ে মুক্তি পান। দুই মামলায় গত বছরের ২৮ নভেম্বর শাকিলা জামিন না পাওয়ায় চলতি বছরের ১২ জানুয়ারি হাইকোর্টে জামিন আবেদন করা হয়।

এমএম