সুনামগঞ্জের উত্তর ধর্মপাশা উপজেলার মধ্যনগরে বিদ্যুৎ সংযোগে ত্রুটি থাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের চারজনের মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

একইসঙ্গে নিহতদের পরিবারকে চার কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না’ রুলে তা জানতে চাওয়া হয়েছে।

রোববার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট অমিত দাশগুপ্ত।
আগামী চার সপ্তাহের মধ্যে বিদ্যুৎ সচিব, পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান, সুনামগঞ্জের ডিসি, নেত্রকোনা পল্লী বিদ্যুৎ জোনের ব্যবস্থাপক ও মধ্যনগর থানার ওসিকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আইনজীবী অমিত দাশগুপ্ত জানান, গত ২৬ এপ্রিল সুনামগঞ্জের উত্তর ধর্মপাশা উপজেলায় মধ্যনগর থানার রামদিঘা গ্রামে বিদ্যুৎপৃষ্ট হয়ে রঞ্জিত সরকার (৪৫), স্ত্রী রীতা সরকার (৩৫), মেয়ে সোনালী সরকার (১০) ও রঞ্জিত সরকারের বাবা জগদীশ সরকার (৭০) মারা যান।

মধ্যনগর থানার ওসি মাজহারুল হক বলেন, বাড়ির উঠানে বসে বাড়ির মালিক রঞ্জিত সরকারসহ এক পরিবারের চারজন মুড়ি খাচ্ছিলেন। এ সময় হঠাৎ উঠানের ওপরে থাকা বিদ্যুতের তার ছিঁড়ে তাদের উপর পড়ে।

এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। ময়নাতদন্ত ছাড়াই তাদের দাহ করা হয়।

সূত্র জানায়, ঘটনার মাত্র এক মাস আগে ওই বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছিল। ২৭ এপ্রিল দৈনিক প্রথম আলো ও সমকাল পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বিদ্যুৎ সংযোগে ত্রুটি ও অনিয়ম থাকার কারণেই এই দুর্ঘটনা ঘটে।

পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে গত ২ মে আইনজীবী চঞ্চল বিশ্বাস হাইকোর্টে রিট দায়ের করেন।

রিট আবেদনে বিদ্যুৎ সংযোগে অনিয়ম, ত্রুটি ও মানুষের জীবন রক্ষায় ব্যর্থতার কারণে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না’ মর্মে রুল জারির আবেদন জানানো হয়।

রোববার সেই রিট আবেদনের শুনানি নিয়ে রুল জারি করেন হাইকোর্ট।

এমই