জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির রায় পুনর্বিবেচনার (রিভিউ) জন্য করা আবেদনের শুনানি চার সপ্তাহের মুলতবি চেয়ে আবেদন করেছেন আসামিপক্ষ।
আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন জমা দেন কামারুজ্জামানের আইনজীবী।
কামারুজ্জামানের আইনজীবী শিশির মনির বলেন, জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন শারীরিকভাবে অসুস্থ। তাকে চিকিৎসক বিশ্রামে থাকতে বলেছেন। এ জন্য শুনানি চার সপ্তাহের মুলতবি চেয়ে আবেদন করা হয়েছে।
সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেখা যায়, পুনর্বিবেচনার আবেদনের সঙ্গে এই আবেদনটিও শুনানির জন্য আগামীকাল বুধবার আপিল বিভাগের কার্য তালিকার চার নম্বরে রাখা হয়েছে।
২০১৩ সালের ৯ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ কামারুজ্জামানকে মৃত্যুদণ্ডাদেশ দেন। গত বছরের ৩ নভেম্বর আপিল বিভাগ সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে তার মৃত্যুদণ্ড বহাল রেখে রায় দেন।
গত ১৮ ফেব্রুয়ারি আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। পরদিন ট্রাইব্যুনাল-২ মৃত্যু পরোয়ানায় সই করে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠালে সেখানে কামারুজ্জামানকে তা পড়ে শোনানো হয়। রায় পুনর্বিবেচনা চেয়ে ৫ মার্চ আবেদন করেন কামারুজ্জামান।
জেএ





