উত্তরা থেকে নিখোঁজের ২ দিন পর জামালপুরের সরিষাবাড়ি পৌর মেয়র ও ব্যবসায়ী রুকুনুজ্জামান রুকনকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে উদ্ধার।

রুকুনুজ্জামান দাবি করেছেন, অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা বুধবার (২৭ সেপ্টেম্বর) ভোরে গাড়িতে করে তাকে চা বাগানের কাছের রাস্তায় ফেলে গেছে।

শ্রীমঙ্গল থানার ইন্সপেক্টর (তদন্ত) সোহেল রানা জানান, শ্রীমঙ্গল উপজেলার কালীঘাট ইউনিয়নের কালীঘাট রোডে রুকুনুজ্জামানকে পাওয়া যায়। তাকে কিছুটা অস্বাভাবিক অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় লোকজন পরিচয় জানতে চান। তিনি পরিচয় দিলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে প্রথমে তাকে শ্রীমঙ্গল থানায় ও দুপুরে মৌলভীবাজার পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যায়।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, রুকুনুজ্জামান দাবি করেছেন বুধবার ভোর সাড়ে ৩টা দিকে গাড়িতে করে কিছু লোক তাকে ফেলে গেছে। তিনি তাদের চিনতে পারেননি।

এর আগে রুকুনুজ্জামানের পরিবারের সদস্যরা জানান, সোমবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় রাজধানীর উত্তরার ১৩ নম্বর সেক্টরের গাউসুল আজম রোডের বাসা থেকে বের হওয়ার পর তার আর কোনও সন্ধান পাওয়া যায়নি । এ বিষয়ে সোমবার রাতে উত্তরা পশ্চিম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। জিডি নং- ১৬১১।

নিখোঁজের আগে ফেসবুক স্ট্যাটাসের এক অংশে মেয়র রুকুনুজ্জামান লিখেন, “নতুন প্রজন্মের কাছে আমার আহবান যে, আমাকে হত্যা করা হলেও তোমাদের সিক্ত ভালোবাসা যেন অটুট থাকে এবং আমার উন্নয়নের ধারাবাহিকতা তোমরা ধরে রাখবা।”

এমবি