নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা করা হয়েছে। এই ঘটনায় গলা কাটা আহত একশিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ (১৯ সেপ্টেম্বর) বৃহস্পতিবার বেলা ১০টার দিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১ নম্বর ওয়ার্ডের সিআইখোলা এলাকার আনোয়ারের বাড়ির ৬ তলায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিদ্ধিরগঞ্জের জোনাকি ফিলিং স্টেশনের কর্মচারী সুমনের স্ত্রী নাসরিন (২৮), শিশু নুসরাত (৬) ও খাদিজা (২)। এছাড়া অজ্ঞাত একটি শিশুকে গলা কাটা অবস্থায় পুলিশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছে। তার পরিচয় পাওয়া যায়নি।
নিহত নাসরিনের স্বামী সুমন স্থানীয় একটি তেলের পাম্পে চাকরি করে। রাতে ডিউটি শেষে সকাল ১০টার দিকে বাসায় ফিরে তাদের গলাকাটা মরদেহ পায় বলে জানা গেছে।
নারায়ণগঞ্জের অতিরিক্তি পুলিশ সুপার মেহেদী হাসান ইমরান, সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুক, পরিদর্শক আজিজুল হক ও মো. জসিম উদ্দিন ঘটনাস্থলে রয়েছেন।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুক বলেন, ফরেনসিক বিভাগের কর্মকর্তারা আলামত সংগ্রহের পর সংবাদকর্মীদের ওই বাড়ির ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে। কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনও বলা যাচ্ছে না।
এমবি





