জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুর ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ (বুধবার) তাকে ঢাকার মহানগর হাকিম (সিএমএম) আদালতে হাজির করে শাহবাগ থাকার নাশকতার মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড চান মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের এসআই অমল বিষ্ণু দেব।

শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ডাকা বিএনপির অবস্থান কর্মসূচি থেকে মঙ্গলবার (০৬ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শফিউল বারী বাবুকে আটক করে ডিবি পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের মিড়িয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার মাসুদুর রহমান জানান, রমনা ও শাহবাগ থানায় দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ঢাকার বকশিবাজার আলীয়া মাদ্রাসায় স্থাপিত ৫নং বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেয় আদালত। এবং তারেক রহমান’সহ বাকি ৫ আসামিদের ১০ বছর করে সশ্রম কারাদণ্ড’সহ ২ কোটি ১০ লাখ টাকা করে জরিমানা করে আদালত।

খালেদা জিয়া ছাড়া এ মামলার অন্য আসামিরা হলেন- বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, হলেন মাগুরার সাবেক সংসদ সদস্য (এমপি) কাজী সলিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান। রায়ে তারেক রহমান, শরফুদ্দীন আহমেদ ও মমিনুর রহমানকে পলাতক দেখানো হয়েছে।

রায়ের দিন আদালত ৬৩২ পৃষ্ঠার রায়ের সারসংক্ষেপ পড়া হয়। রায়ের অনুলিপি ১ হাজার ১৭৪ পৃষ্ঠার।

রায়ের পরপরই খালেদা জিয়াকে নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়। নির্জন কারাগারের একমাত্র বন্দি হিসেবে বেগম জিয়া সেখানেই আছেন।

এমবি