নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় হাইকোর্টের নির্দেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি ঢাকা বিভাগীয় কমিশনার জিল্লার রহমানকে জিজ্ঞাসাবাদ করেছে।
মঙ্গলবার সচিবালয়ে তদন্ত কমিটির প্রধান জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহজাহান আলী মোল্লার কক্ষে সকাল সাড়ে ১০টা থেকে প্রায় সোয়া এক ঘণ্টা ঢাকা বিভাগীয় কমিশনারকে জিজ্ঞাসাবাদ করা হয়।
জিজ্ঞাসাবাদ শেষে শাহজাহান আলী মোল্লা সাংবাদিকদের বলেন, সাত খুনের ঘটনায় বিভিন্ন বিষয়ে তার কাছে জানতে চাওয়া হয়েছে।
‘সাত খুনের ঘটনার সময়ও তিনি বিভাগীয় কমিশনারের দায়িত্বে ছিলেন, ওই ঘটনা সম্পর্কে তিনি যা জানেন তা আমাদের বলেছেন।’
তবে এ বিষয়ে বিস্তারিত জানাননি তদন্ত কমিটির প্রধান।
বিভাগীয় কমিশনার জিল্লার রহমান বলেন, আইন-শৃঙ্খলার সঙ্গে আমার সরাসরি সম্পর্ক নেই। তদন্ত কমিটি আমার কাছে যা জানতে চেয়েছে, আমার যা জানা ছিল তা জানিয়েছি।
এর আগে রোববার পুলিশের ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মাহফুজুল হক নুরুজ্জামানকে জিজ্ঞাসাবাদ করা হয়।
গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় এ পর্যন্ত প্রায় চারশ’ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়।
এর আগে শাহজাহান আলী বলেন, মামলার অগ্রগতি প্রতিবেদন আগামী ৯ সেপ্টেম্বর আদালতে দাখিল করা হবে। জিজ্ঞাসাবাদে নতুন নতুন তথ্য আসছে বলে জানিয়েছিলেন তিনি।
সাত খুনের ঘটনায় এর আগে গত ১১ আগস্ট নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভি এবং ১২ আগস্ট স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমানকেও জিজ্ঞসাবাদ করে সরকারের এ তদন্ত কমিটি।
ঢাকা, ২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম,এএইচ





