রাজধানীর নিউ ইস্কাটনে গভীর রাতে এলোপাতাড়ি গুলি ছুড়ে দু’জন নিহতের ঘটনায় দায়ের করা মামলয় এমপির ছেলে বখতিয়ার আলম রনির বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদন করেছে ডিবি পুলিশ।

ঢাকা মহানগর হাকিম মাহবুবুর রহমানের আদালতে মামলার সুষ্ঠু তদন্তের জন্য রবিবার ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দিপক কুমার দাস এ রিমান্ড আবেদন করেন। আদালত রিমান্ড শুনানির জন্য ২৪ জুন দিন ধার্য করেন।

বখতিয়ার আলম রনি মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ও সংরক্ষিত আসনের এমপি পিনু খানের ছেলে। তার বাবা মৃত শাসছুজ্জামান।

মামলার বিবরণে জানা যায়, ১৩ এপ্রিল রাত পৌনে ২টার দিকে রাজধানীর নিউ ইস্কাটনে একটি কালো রংয়ের প্রাডো গাড়ি থেকে এলোপাতাড়ি গুলি ছুড়লে অটোরিকশাচালক ইয়াকুব আলী ও রিকশাচালক আবদুল হাকিম আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা।

এ ঘটনায় নিহত হাকিমের মা মনোয়ারা বেগম অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে ১৫ এপ্রিল রাতে রমনা থানায় একটি মামলা দায়ের করেন।

২৪ মে মামলা তদন্তের দায়িত্ব দেওয়া হয় পুলিশের গোয়েন্দা বিভাগকে (ডিবি)। তদন্তভার পাওয়ার পর ৩১ মে এলিফ্যান্ট রোডের বাসা থেকে বখতিয়ার আলম রনিকে আটক করে ডিবি পুলিশ। আটকের পর প্রথম দফায় তাকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়।

জেআই