সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২১-২০২২ সেশনের দুই দিনব্যাপী নির্বাচন সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১২ মার্চ) দুপুরের পর ভোট গণনা শুরু হয়ে রাতে ফলাফল ঘোষণা করা হবে।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মোট ভোটার রয়েছেন ৭ হাজার ৭২১ জন আইনজীবী।

গত বুধবার ও বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ আদালতের এই আইনজীবী সমিতির নির্বাচনে ভোট দেন ৫ হাজার ৬৭৬ জন। এর মধ্যে প্রথম দিন ভোট পড়েছে ২ হাজার ৮২৩টি। শেষ দিন ভোট পড়েছে ২ হাজার ৮৫৩টি।

১৪টি পদের বিপরীতে এই নির্বাচনে প্রার্থী হয়েছেন ৫১ জন।

জানা গেছে, সকাল থেকে ব্যালট বাছাই শেষে দুপুর ৩টার দিকে ভোট গণনা শুরু হয়।

নির্বাচনে সরকার সমর্থক ‘বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদ’র (সাদা প্যানেল) প্রার্থীরা হলেন- সভাপতি পদে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু, দুই সহ-সভাপতি পদে মুহাম্মদ শফিক উল্ল্যা ও মো: আলী আজম, সম্পাদক আবদুল আলীম মিয়া জুয়েল, কোষাধ্যক্ষ মো: ইকবাল করিম, দুই সহ-সম্পাদক পদে ব্যারিস্টার সাফায়েত সুলতানা রুমি ও এ বি এম নুর-এ-আলম (উজ্জ্বল)।

সদস্য পদে এ বি এম শিবলী সাদেকীন, মাহফুজুর রহমান রোমান, মো: সানোয়ার হোসেন, মিন্টু কুমার মণ্ডল, মো: সিরাজুল হক স্বপন, মহিউদ্দিন আহমেদ ও মুনতাসীর উদ্দিন আহমেদ।

বিএনপি সমর্থক ‘জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলে’ (নীল প্যানেল) প্রার্থীরা হলেন- সভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব মো: ফজলুর রহমান, দুই সহ-সভাপতি পদে মো: জালাল উদ্দিন ও জয়নাল আবেদিন (তুহিন), সম্পাদক মো: রুহুল কুদ্দুস (কাজল), কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল মাহবুব, দুই সহ-সম্পাদক পদে মাহমুদ হাসান ও রাশিদা আলম ঐশী।

সদস্য পদে প্রার্থী হয়েছেন গোলাম আক্তার জাকির, মো: মনজুরুল আলম (সুজন), মো: শফিকুল ইসলাম, নিয়াজ মুহাম্মদ মাহবুব, পারভীন কাওসার মুন্নি, রেদওয়ান আহমেদ রানজিব ও এস এম ইফতেখার উদ্দিন মাহমুদ।

নির্বাচনে বিএনপি থেকে সমর্থন না পেয়ে কয়েকজন লাল প্যানেল নামে আরও একটি প্যানেলে প্রার্থী দিয়েছেন। এছাড়া গত কয়েক বছরের মতো এবারও স্বতন্ত্র প্রার্থী ইউনুছ আলী আকন্দ সভাপতি পদে লড়ছেন।

এই নির্বাচন পরিচালনার জন্য অবসরপ্রাপ্ত বিচারপতি এ এফ এম আবদুর রহমানের নেতৃত্বে ৭ সদস্যের নির্বাচন উপকমিটি গঠন করা হয়েছে।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২০-২০২১ সেশনের নির্বাচনে ১৪টি পদের মধ্যে সভাপতিসহ ৬টি পদে জয় পান সরকার সমর্থক আইনজীবীরা। অপরদিকে, সম্পাদকসহ ৮টি পদে বিএনপি সমর্থক আইনজীবীরা জয় পেয়েছিলেন।

এমবি