জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় কারাবন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের মেয়াদ ২৩ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এ মামলায় খালাস চেয়ে খালেদা জিয়ার আপিলের শুনানি আগামীকাল মঙ্গলবার পর্যন্ত মুলতবি করা হয়েছে।
আজ সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আজ আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও আবদুর রেজাক খান। সঙ্গে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান।
এর আগে গত ১১ অক্টোবর খালেদা জিয়ার জামিন ১৫ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়। গত ১২ মার্চ জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চার মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন হাইকোর্ট। পরে খালেদা জিয়ার আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে জামিনের মেয়াদ বাড়ানো হয়।
এমঅার





