রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকার একটি ফ্ল্যাট থেকে গ্রেফতার জামায়াতে ইসলামীর ২৮ নারীকর্মীর ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।
আজ শুক্রবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মোহাম্মদপুর থানার পুলিশ ২৮ নারীকে হাজির করে ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে।
আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা নিজাম উদ্দিন বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, বিকেল ৪টায় ঢাকার মহানগর হাকিম দেলোয়ার হোসেনের আদালতে এ রিমান্ড শুনানি হবে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে মোহাম্মদপুর থানার তাজমহল রোডের ১১/৭ নম্বর বাড়ির দ্বিতীয় তলার ফ্ল্যাট থেকে ওই নারীকর্মীদের গ্রেফতার করা হয়। বাড়িটির মালিক শাহনাজ বেগম।
পুলিশের ভাষ্য, গ্রেফতার হওয়া নারীরা নাশকতার মাধ্যমে সরকার উৎখাতের পরিকল্পনা করছিলেন।
আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ওই নারীদের বিষয়ে মোহাম্মদপুর থানায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) বিপ্লব কুমার জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দুপুর আড়াইটার দিকে তাজমহল রোডে ওই বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে ২৮ নারীকে গ্রেফতার করে।
তিনি জানান, পুলিশ গ্রেফতারের উদ্দেশ্যে ওই ফ্ল্যাটের দরজায় কড়া নাড়ে। তখন ভেতর থেকে কেউই দরজা খুলে দিচ্ছিলেন না। পরে পুলিশ দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করলে দরজা খুলে দেওয়া হয়। এর পর ওই ফ্ল্যাট থেকে ২৮ নারীকে গ্রেফতার করা হয়।
পুলিশের এই কর্মকর্তা জানান, গ্রেফতার হওয়া নারীদের সবাই উচ্চশিক্ষিত। তাঁদের মধ্যে কেউ কেউ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, ডাক্তারসহ বিভিন্ন পেশার সঙ্গে জড়িত। তাঁদের মধ্যে অনেক নারী দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী পরিবারের সদস্য বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জানা গেছে। জিজ্ঞাসাবাদে তাঁরা অনেকেই তাঁদের প্রকৃত পরিচয় দিচ্ছেন না। তাঁদের আদালতে নেওয়া হচ্ছে; সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে।
ডিসি আরো জানান, গ্রেফতারের সময় নারীদের কাছ থেকে বিভিন্ন ধরনের বই, লিফলেট ও নাশকতার পরিকল্পনার নথিপত্র উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার নারীরা হলেন- শাহনাজ বেগম (৫৬), নাইমা আক্তার (৫৫), উম্মে খালেদা (৪০), জোহরা বেগম (৩৫), সৈয়দা শাহীনা আক্তার (৪০), উম্মে কুলসুম (৪২), জেসমিন খান (৪৩), খোদেজা আক্তার (৩২), সালমা হক (৪৫), সাকিয়া তাসলিম (৪৭), সেলিমা সুলতানা সুইটি (৪৮), হাফসা (৫৫), আকলিমা ফেরদৌস (৩৭), রোকসানা বেগম (৫১), আফসানা মিমি (২৫), শরীফা আক্তার (৫৩), রুবিনা আক্তার (৩৮), তাসলিমা (৫২), আসমা খাতুন (৩৫), সুফিয়া (৪১), আনোয়ারা বেগম (৪৬), ইয়াসমিন আক্তার (৪১), সাদিয়া (৪৫), ফাতেমা বেগম (৫১), উম্মে আতিয়া (৪৬), রুমা আক্তার (৩২), রাজিয়া আক্তার (৪২) ও রহিমা খাতুন (৩০)।
এমবি





