বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা দুর্নীতির দুই মামলায় বিচারক পরিবর্তন ও গ্রেফতারি পরোয়ানা স্থগিতে তার আইনজীবীদের আবেদনের শুনানি আগামী ১২ মার্চ পর্যন্ত মুলতবি করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার বিচারপতি রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ শুনানি মুলতবি করেন।

এ সময় আদালতে রাষ্ট্রপক্ষে অতিরিক্তি অ্যাটর্নি জেনারেল মন্তাজ উদ্দিন ফকির এবং খালেদা জিয়ার পক্ষে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ অন্য আইনজীবীরা উপস্থিত ছিলেন।

বুধবার জিয়া অরফানেজ ট্রাস্ট ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির এ দুই মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা বহাল রাখেন আদালত।

বিএনপি চেয়ারপারসনের আইনজীবীদের পরোয়ানা বাতিলের (রিকল) আবেদনের পরিপ্রেক্ষিতে তার অনুপস্থিতিতে ঢাকার তৃতীয় বিশেষ জজ মো. আবু আহমেদ জমাদার এ সংক্রান্ত চারটি আবেদন নথিভুক্ত রেখে আগের আদেশই বহাল রাখেন। একইসঙ্গে মামলা দুটির সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ৫ এপ্রিল পরবর্তী দিন ধার্য করেন আদালত।

এর আট দিন আগে গত ২৫ ফেব্রুয়ারি খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। তবে পরোয়ানাটি আখেনও গুলশান থানায় না পৌছেনি।

খালেদা জিয়ার বিরুদ্ধে জারি করা এ গ্রেফতারি পরোয়ানার আদেশ স্থগিত করতে হাইকোর্টে আজ দুটি সম্পূরক আবেদন করেন তার আইনজীবীরা।

জেএ