পালা গানে আল্লাহকে নিয়ে কটূক্তি করার অভিযোগ এনে বাউলশিল্পী রিতা দেওয়ানের বিরুদ্ধে এবার ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে অভিনেতা রাসেল মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

আদালতের পেশকার রিপন মিয়া বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিচারক বাদীর জবানবন্দি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) অভিযোগের বিষয়ে তদন্ত করে আগামী ৩ মার্চ প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

নথি থেকে জানা যায়, বাদী গত ৩১ জানুয়ারি তাঁর ফেসবুক আইডিতে গিয়ে দেখেন, একটি পালা গানের আসরে প্রতিপক্ষকে আক্রমণ করতে গিয়ে রিতা দেওয়ান আল্লাহকে নিয়ে কটূক্তি ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন। শয়তান, মুনাফিক, দুইমুখী বলেও গালি দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ভাইরাল হলে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। অনেকে রিতা দেওয়ানের শাস্তির দাবিও করেন। এরপর বিষয়টি নিয়ে তিনি ক্ষমা চান।

এ ঘটনায় বাদী দণ্ডবিধির ২৯৫ (ক), ২৯৮, ৫০৪, ৫০৫ (ক) ধারায় আদালতে বাদী হয়ে মামলাটি করেছেন। মামলায় রিতা দেওয়ানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা  জারির আবেদন করা হয়েছে।

এমআর