৩১ আগস্ট অনুষ্ঠিতব্য শেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচন আবারও স্থগিত করা হয়েছে ।
মঙ্গলবার দুপুরে এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানী শেষে উচ্চ আদালত ১১ সেপ্টেম্বর পর্যন্ত তা স্থগিত করে দেন।

এদিকে ফের নির্বাচন স্থগিতের খবরে প্রার্থী ও ভোটারদের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
জানা যায়, চতুর্থ দফায় ঘোষিত তফসিল অনুযায়ী ২৩ মার্চ শেরপুর সদর উপজেলা পরিষদের নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু সীমানা সংক্রান্ত জটিলতার অভিযোগ তুলে উচ্চ আদালতে দায়ের করা মামলায় স্থগিত হয়ে যায় ওই নির্বাচন।
আইনি লড়াই শেষে পুনঃতফসিল মতে ৩১ আগস্ট নির্বাচন অনুষ্ঠানে প্রস্তুতি নেয় রিটার্নিং অফিসারের নেতৃত্বে স্থানীয় নির্বাচন অফিস। ওই নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী অংশ নিয়ে মাঠ চষে বেড়াচ্ছিলেন।

তবে জমে উঠছিল প্রার্থীদের নির্বাচনী প্রচার প্রচারণা। কিন্তু সদ্য হালনাগাদ প্রক্রিয়ায় অর্ন্তভূক্ত নাগরিকদের নাম ভোটার তালিকায় না থাকায় উচ্চ আদালতে পৃথক রিট মামলা দায়ের হয়। নির্বাচনের মাত্র ১১দিন বাকী থাকতে মঙ্গলবার ওই রিট মামলায় শুনানী শেষে উচ্চ আদালত তা ফের স্থগিতের আদেশ দেন।

ঢাকা, ২০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ