জানা যায়, নিহত আফিয়া আক্তার ফিলিপাইনে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত প্রয়াত আবুল কাশেমের স্ত্রী। তাদের দুই ছেলের মধ্যে তাহসিন ছোট। বড় ছেলে কয়েক বছর আগে মারা গেছেন।

আফিয়া আক্তার ধানমন্ডির ৯/এ নম্বর সড়কের একটি ফ্ল্যাটে ছেলেকে নিয়ে বসবাস করতেন।

বাসার গৃহকর্মী ও আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, শুক্রবার রাতে মা ও ছেলে আলাদা দুটি কক্ষে ঘুমিয়েছিলেন। শনিবার সকাল ৬টার দিকে তাহসিন পাশের কক্ষে গিয়ে মা আফিয়াকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন। এতে তার মুখ ও গলায় গুরুতর জখম হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

ধানমন্ডি থানার ওসি ইমদাদুল ইসলাম বলেন, ঘটনার পর বাসা থেকেই তাহসিনকে আটক করা হয়েছে। আফিয়া হত্যার ঘটনায় একটি মামলা হয়েছে। ওই মামলায় তাহসিনকে গ্রেফতার দেখানো হয়েছে। তবে হত্যার কারণ এখনো জানা যায়নি।

স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, তাহসিনের মানসিক সমস্যা রয়েছে। এর আগে তিনি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে চিকিৎসাও নিয়েছিলেন।

এনএইচ