খুলনায় সাড়ে ৬ কোটি টাকা আত্মসাতের মামলায় সোনালী ব্যাংক দৌলতপুর শাখার সাবেক গুদাম ইনচার্জ মো. সোহেল হোসেন জেয়ার্দারকে দুর্নীতি দমন কমিশন (দুদক) গ্রেফতার করেছে। বুধবার বিকেলে নগরীর নূরনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। দুদকের উপ সহকারী পরিচালক মোশারফ হোসেন এ কথা নিশ্চিত করেছেন।
দুদক সূত্র জানায়, সোনালী ব্যাংক দৌলতপুর কর্পোরেট শাখার গ্রাহক মেসার্স আকবর আলী অ্যান্ড সন্স লিমিটেডের নামে প্লেজকৃত পাটের ৬ কোটি ৫৮ লাখ ৬৪ হাজার ৯৬০ টাকা মূল্যের পাট পরস্পর যোগসাজসে আত্মসাৎ করা হয়। এ ঘটনার প্রাথমিক তদন্ত শেষে দুদকের উপ সহকারী পরিচালক মোহা. মোশারফ হোসেন বাদী হয়ে ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর দৌলতপুর থানায় ৬ জনের নামে একটি মামলা দায়ের করেন। বাদী নিজেই এ মামলাটির তদন্ত কার্যক্রম পরিচালনা করেন। মামলার তদন্তকালে দুদকের কৌশলের জালে বুধবার বিকাল ৩টার দিকে ধরা পড়েন এ মামলার আসামি সোহেল হোসেন। তাকে নগরীর নূরনগর এলাকার দুদক কার্যালয় এলাকা থেকে গ্রেফতার করা হয়। এরপর তাকে সোনাডাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তিনি সোনালী ব্যাংক দৌলতপুর শাখার গুদাম ইনচার্জ হিসেবে দায়িত্ব পালনকালে এই পাট আত্মসাতের ঘটনা ঘটে। মামলা দায়েরর পর ব্যাংক কর্তৃপক্ষ তাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করে। তিনি চুয়াডাঙ্গা জেলা সদরের রেলপাড়া গ্রাম এলাকার মো. এহতেশাম হোসেন জোয়ার্দারের ছেলে।
দুদক খুলনার আদালতের দায়িত্বে থাকা জিআরও মোখলেসুর রহমান বলেন, গ্রেফতারের পর সোহেল হোসেনকে মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। সেখানে শুনানি শেষে বিচারক সোহেলকে জেল হাজতে প্রেরণ করার নির্দেশ দেন।
এসএ/টাইম





