অসুস্থতার কারণে জামায়াতের আমীর মতিউর রহমান নিজামীকে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানো যায়নি। তাকে চিকিৎসকের পরামর্শে কারাগারের ভেতরে মেডিকেল সুবিধায় পূর্ণ বিশ্রামে রাখা হয়েছে। এসব কথা জানিয়েছেন কেন্দ্রীয় কারাগারের জেল সুপার ফরমান আলী।
তিনি জানান, সোমবার দিবাগত রাত ১২টার দিকে গুরুতর অসুস্থ হয়ে পড়েন নিজামী। তিনি মারাত্মক উচ্চ রক্তচাপে ভুগছেন। এ অবস্থায় রাতেই নিজামীকে জেল কর্তৃপক্ষের নিজস্ব চিকিৎসক ডেকে পরীক্ষা করানো হয় ও চিকিৎসা দেওয়া হয়। অবস্থার উন্নতি না হলে সকাল ৮টায় তাকে আরও একবার চিকিৎসক দেখেন এবং পূর্ণ বিশ্রামে রাখার পরামর্শ দেন।
চিকিৎসকের পরামর্শেই মতিউর রহমান নিজামীকে ট্রাইব্যুনালে পাঠানো হয়নি, বলেন ফরমান আলী। তিনি আরও বলেন, কারা কর্তৃপক্ষ তার অপারগতার কথা এরই মধ্যে ট্রাইব্যুনালকে জানিয়েছে। নিজামীর মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় মঙ্গলবারই হচ্ছে কি না, সেটি ট্রাইব্যুনাল সিদ্ধান্ত নেবে। মতিউর রহমান নিজামীকে বাইরে কোনো হাসপাতালে পাঠানো হবে কি না? এমন প্রশ্নে ফরমান আলী বলেন, শারীরিক অবস্থার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।
মঙ্গলবার সকাল ১১টায় নিজামীর মানবতাবিরোধী অপরাধের মামলার রায় দেওয়ার কথা ছিল। তার ঠিক আধাঘণ্টা আগেই ট্রাইব্যুনালের কাছে এই চিঠি পৌঁছায় কারা কর্তৃপক্ষ। সকাল দশটার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মো. লাভলু ট্রাইব্যুনালের রেজিস্ট্রারকে কারা কর্তৃপক্ষের ওই চিঠি হস্তান্তর করেন।
চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর এ রায় ঘোষণার কথা রয়েছে। অন্য দুই সদস্য হচ্ছেন বিচারপতি আনোয়ারুল হক ও বিচারপতি জাহাঙ্গীর হোসেন। গত ২৪ মার্চ মামলাটির যুক্তিতর্ক (আর্গুমেন্ট) উপস্থাপনের মাধ্যমে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় রায় ঘোষণা অপেক্ষমাণ(সিএভি) রাখেন ট্রাইব্যুনাল।
ঢাকা, ২৪ জুন(টাইমনিউজবিডি.কম)//এনএস





