ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নাইমুল আবরার রাহাতের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় হাইকোর্টে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানসহ পাঁচ জনের আগাম জামিনের আবেদন করা হয়েছে।
আজ (১৯ জানুয়ারি) রোববার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই আবেদন করা হয়।
আগাম জামিনের আবেদন করা অন্যরা হলেন- আনিসুল হক, শাহ পরান তুষার, মহিতুল আলম পাভেল ও কবির বকুল।
এর আগে গত ১৬ জানুয়ারি প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও সহযোগী সম্পাদক আনিসুল হকসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম কায়সারুল ইসলাম।
এই মামলার আসামিরা হলেন- মতিউর রহমান, কবির বকুল, শুভাশিষ প্রামাণিক শুভ, মহিতুল আলম পাভেল, শাহপরান তুষার, জসিম উদ্দিন অপু, মোশারফ হোসেন, সুজন ও কামরুল হায়দার।
একইদিনে (১৬ জানুয়ারি) মোহাম্মদপুর থানার পুলিশ পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা আব্দুল আলীম এ ১০ জনকে আসামি করে প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনটি আমলে নিয়ে আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
উল্লেখ্য, ২০১৯ সালের ০১ নভেম্বর বিকালে রেসিডেন্সিয়াল কলেজ ক্যাম্পাসে একটি অনুষ্ঠান চলাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয় নাঈমুল আবরার রাহাত। মৃত আবরার রাহাত স্কুল শাখার নবম শ্রেণির ছাত্র ছিল।
এমবি





