পূবালী ব্যাংকের চেয়ারম্যানসহ আট পরিচালকের পদকে অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিতাদেশের আবেদন খারিজ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। হাইকোর্টের আদেশ বহাল থাকায় ওই ৮ জন আর পূবালী ব্যাংকের পরিচালক পদে থাকতে পারবেন না।
সোমবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে ব্যাংকের পরিচালকদের পক্ষে সাবেক অ্যাটর্নি জেনারেল সালাউদ্দিন আহমেদ ও ব্যারিস্টার আখতার ইমাম এবং পূবালী ব্যাংকের সাত শতাংশ শেয়ারহোল্ডার ধারণকারী শফি আহমেদ চৌধুরীর পক্ষে সাবেক অ্যাটর্নি জেনারেল এএফ হাসান আরিফ শুনানি করেন। ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার সাকিব মাহবুব তাকে সহায়তা করেন।
গত ২৫ ফেব্রুয়ারি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নিয়ম অনুযায়ী ব্যাংকে ন্যূনতম দুই শতাংশ শেয়ার না থাকায় পূবালী ব্যাংকের চেয়ারম্যানসহ আট পরিচালকের পদকে অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। হাইকোর্টের বিচারপতি এম আর হাসান এ রায় দেন।
৮ জন হলেন-চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার এবং পরিচালক মোহাম্মদ ফাইজুর রহমান, আহমেদ শফি চৌধুরী, ফাহিম আহমেদ ফারুক চৌধুরী, এম কবিরুজ্জামান ইয়াকুব, রোমানা শরিফ, সুরাইয়া রহমান ও আজিজুর রহমান।
২৬ ফেব্রুয়ারি ব্যাংকের পরিচালকদের আবেদনে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী হাইকোর্টের রায় স্থগিত করে আবেদনটি শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন।
গত রবিবার আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হয়। সোমবার এ বিষয়ে আদেশ দেন আপিল বিভাগ।
ন্যূনতম দুই শতাংশ শেয়ার না থাকায় পূবালী ব্যাংকের নির্বাচন কমিশন গতবছর ১৪ অগাস্ট ওই আট পরিচালককে নির্বাচনের অযোগ্য ঘোষণা করেন।
এরপর তারা হাই কোর্টে গেলে আদালত গত ২০ অগাস্ট কমিশনের সিদ্ধান্ত স্থগিত করে দেয়। পরদিন নির্বাচনে তারা পরিচালক নির্বাচিত হয়ে যান।
২০১১ সালের ২২ নভেম্বর এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কোম্পানির পরিচালকদের ব্যক্তিগতভাবে নূন্যতম দুই শতাংশ ও সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ারধারণ বাধ্যতামূলক করে। যেসব পরিচালকের ওই পরিমাণ শেয়ার নেই, তা ছয় মাসের মধ্যে অর্জন করতে বলা হয়। এ হিসাবে ২০১২ সালের ২২ মের পর থেকে তারা অবৈধভাবে পদে ছিলেন।
[b]ঢাকা,জিই, ৩(টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]
অপরাধ
হাইকোর্টের আদেশ আপিলে বহাল
পূবালী ব্যাংকের চেয়ারম্যানসহ আট পরিচালকের পদকে অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিতাদেশের আবেদন খারিজ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। হাইকোর্টের আদেশ বহাল থাকায় ওই ৮ জন আর পূবালী ব্যাংকের পরিচালক পদে থাকতে পারবেন না





