পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) বলেছে, হেফাজতে ইসলামের অর্থের যোগানদাতা হিসেবে ৩১৩ জনকে চিহ্নিত করা হয়েছে।
মঙ্গলবার (২৭ এপ্রিল) ঢাকা মহানগর পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার এই তথ্য জানিয়েছেন।
অতিরিক্ত কমিশনার আরও বলেন, হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মামুনুল হকের ব্যাংক অ্যাকাউন্টে ছয় কোটি টাকার বেশি লেনদেনের তথ্য পাওয়া গেছে। বিভিন্ন ব্যাংক থেকে আসা এই অর্থের উৎস খোঁজা হচ্ছে।
গত ১৮ এপ্রিল দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে মামুনুল হককে নাশকতার মামলায় গ্রেফতার করে পুলিশ। এরপর তাকে কয়েক দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সোমবার শাপলা চত্বরে সহিংসতার মামলায় তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর হয়।
এমবি





