সাত খুনের ঘটনায় নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলামের করা মামলার অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে র্যাবের সাবেক কর্মকর্তা তারেক সাঈদের আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন আদালত।
আদালতে তারেক সাঈদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট গোলাম কিবরিয়া ও রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ মনিরুজ্জামান কবির।
এর আগে গত ২৯ ফেব্রুয়ারি সাত খুনের ঘটনায় নিহত আইনজীবী চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পালের করা মামলাটি বাতিল চেয়ে আবেদন করেন তারেক সাঈদ।
৭ মার্চ এই আবেদনের ওপর শুনতে বিব্রত বোধ করেছিলেন বিচারপতি ইমদাদুল হক ও বিচারপতি এ এস এম নাজমুল আহসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।
পরে ওই আবেদন খারিজ করে দেন বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।
উল্লেখ্য, ২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম, তার বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন ও গাড়িচালক জাহাঙ্গীর আলম এবং আইনজীবী চন্দন কুমার সরকার ও তার গাড়িচালক ইব্রাহীম অপহৃত হন।
তিনদিন পর ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে ছয়জনের ও পয়লা মে অপর একজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় নিহত কাউন্সিলর নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি ও চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল দুটি মামলা দায়ের করেন।
এআইজে





