দৈনিক সংগ্রাম পত্রিকার সম্পাদক আবুল আসাদকে হাইকোর্টের দেয়া ১ বছরের জামিন স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত।

জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) চেম্বার বিচারপতি মো: নুরুজ্জামান আবুল আসাদের জামিন আট সপ্তাহের জন্য স্থগিত করেন।

আজ আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।

গত ১৩ মে বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ আবুল আসাদকে জামিন না দিয়ে বিষয়টি হাইকোর্টের নিয়মিত বেঞ্চে শুনানি জন্য উপস্থাপন করতে বলেন। সে অনুযায়ী গত ২৩ সেপ্টেম্বর বিচারপতি মো: এমদাদুল হক ও বিচারপতি মো: আকরাম হোসেন চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ আবুল আসাদকে ১ বছরের জামিন দিয়ে রুল জারি করেন।

ওইদিন হাইকোর্টে আবুল আসাদের জামিনের পক্ষে শুনানিতে ছিলেন- আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

উল্লেখ্য, ২০১৯ সালের ১২ ডিসেম্বর দৈনিক সংগ্রাম পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে ফাঁসি কার্যকর হওয়া জামায়াতে ইসলামীর শীর্ষস্থানীয় নেতা আব্দুল কাদের মোল্লাকে ‘শহীদ’ হিসেবে উল্লেখ করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে পরদিন ১৩ ডিসেম্বর পত্রিকাটির কার্যালয় ভাঙচুর করে ‘মুক্তিযোদ্ধা মঞ্চে’র একদল নেতাকর্মী। মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সেক্রেটারি আল মামুনের নেতৃত্বে নেতাকর্মীরা বিকাল ৫টার দিকে কার্যালয়ের সামনে জড়ো হয়ে প্রায় এক ঘণ্টা ভাঙচুর চালায়। তারা কার্যালয়ে ঢুকে বেশ কয়েকটি টেলিভিশন, কম্পিউটার ও আসবাবপত্র ভাঙচুর করে।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদকে হাতিরঝিল থানায় নিয়ে যায়। ওইদিন রাতে ঢাকা সিটি কর্পোরেশনের ৩৬ নম্বর ওয়ার্ডের মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আফজাল সংগ্রাম পত্রিকার সম্পাদকসহ ৭-৮ জনকে আসামি করে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন।

এমবি