রাজধানীর বড় মগবাজার চৌরাস্তা এলাকা থেকে পাঁচ হাজার পিস ইয়াবাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ রোববার (০৭ মে) বিষয়টি নিশ্চিত করেন ডিবির উত্তরা বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. ইমরান হোসেন মোল্লা।

গ্রেপ্তারকৃতরা হলেন মিজানুর রহমান ওরফে মেজু, গোলাম মাওলা ওরফে রতন, রাজন মিয়া, মো. রাজন ও মো. জুয়েল ওরফে জহির।

ইমরান হোসেন বলেন, বড় মগবাজার চৌরাস্তা এলাকায় তারা ইয়াবা বিক্রি করছেন বলে তথ্য পাওয়া যায়। সেই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচ হাজার পিস ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ডিবিকে জানিয়েছে, তারা কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীর আশপাশের এলাকায় বিক্রি করতেন। ডিএমপির হাতিরঝিল থানায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে।

এবিএস