পানামা পেপার্স কেলেঙ্কারিতে নাম এসেছে, এমন ছয় বাংলাদেশিকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার দুদকের প্রধান কার্যালয় থেকে পৃথক পৃথক নোটিসে তাদের তলব করা হয়েছে। দুদক সচিব আবু মো. মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক সচিব বলেন বলেন, পানামা পেপার্স কেলেঙ্কারির ঘটনায় দুদকের উপ-পরিচালক আখতার হামিদ ভুঁইয়ার নেতৃত্বে তিন সদস্যের দল অনুসন্ধান করছে। এ ঘটনায় অভিযুক্ত ছয় ব্যক্তিকে দুদকে তলব করা হয়েছে। তাদেরকে আগামী ৪, ৫ এবং ৯ মে দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে। তবে অনুসন্ধানের স্বার্থে ওই ছয় ব্যক্তির পরিচয় প্রকাশ করেননি দুদক সচিব।

এর আগে চলতি বছরের ৭ এপ্রিল কমিশনের উপ-পরিচালক এস এম এম আখতার হামিদ ভূঁইয়াকে প্রধান করে তিন সদস্যের অনুসন্ধান দল গঠন করা হয়েছিল। দলের অন্য সদস্যরা হলেন- দুদকের সহকারী পরিচালক মজিবুর রহমান ও উপ-সহকারী পরিচালক রাফী মো. নাজমুস সাদাত।

ওয়াশিংটনভিত্তিক ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস (আইসিআইজে) সম্প্রতি `পানামা পেপারস` নামে নথি প্রকাশ করে।১ কোটি ১০ লাখ নথি ফাঁস করা হয়।ওই তালিকায় বিশ্বের কয়েকজন রাষ্ট্রপ্রধানসহ শতাধিক ক্ষমতাধর ব্যক্তি ও আত্মীয়-স্বজনের কর ফাঁকি দিয়ে সম্পদের পাহাড় গড়ার তথ্য রয়েছে।

জার্মান দৈনিক জিটডয়েচ সাইতংয়ের অনুসন্ধানী সাংবাদিক বাস্তিয়ান ওবারমেয়ারের হাতে এসব নথি আসে। তিনি এগুলো তুলে দেন আন্তর্জাতিক অনুসন্ধানী সাংবাদিক সংস্থা আইসিআইজের কাছে।

পরবর্তীকালে বিশ্বের ৭৮টি দেশের ১০৭টি সংবাদমাধ্যম এসব তথ্য যাচাই-বাছাই করে তা প্রকাশ করে।

কর ফাঁকি ও অর্থ পাচার সংক্রান্ত সাড়া জাগানো পানামা পেপার্স কেলেঙ্কারিতে এ পর্যন্ত ৩৪ বাংলাদেশি ব্যক্তি ও এক প্রতিষ্ঠানের নাম এসেছে।

ওএফ