নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানকে জিজ্ঞাসাবাদ করছে জনপ্রশাসন মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি।
মঙ্গলবার সাড়ে ১১টার দিকে সচিবালয়ে তদন্ত কমিটির আহ্বায়ক ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহজাহান আলী মোল্লার কক্ষে এ জিজ্ঞাসাবাদ শুরু হয়।
সোমবার একই ঘটনায় নারায়ণগঞ্জ সিটি করপোরেসনের মেয়র সেলিনা হায়াৎ আইভীকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
এর আগে সাত খুনের ঘটনায় সেলিনা হায়াৎ আইভী ও শামীম ওসমানকে সচিবালয়ে জিজ্ঞাসাবাদ করা হবে রোববার এমন তথ্য সাংবাদিকদের জানিয়েছেলেন জনপ্রশাসন মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির সদস্য সচিব আবুল কাশেম মো. মহীউদ্দীন।
এই তদন্ত কমিটি এ পর্যন্ত ৩৫০ জনের বেশি মানুষকে জিজ্ঞাসাবাদ করেছে, যাদের মধ্যে র্যামবের শীর্ষ কর্মকর্তারাও রয়েছেন। আগামী ৯ সেপ্টেম্বরের মধ্যে আদালতে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দাখিলের কথা রয়েছে।
খুনের ঘটনা আগে থেকেই জানতেন বলে সে সময় র্যা বের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসানের বিরুদ্ধেও অভিযোগ ওঠায় তাকেও জিজ্ঞাসাবাদ করেছে এ কমিটি।
গত ২৭ এপ্রিল দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহৃত হন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও কাউন্সিলর নজরুল ইসলাম, জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকারসহ সাতজন। এর তিন দিন পর ৩০ এপ্রিল শীতলক্ষ্যায় একে একে ভেসে ওঠে তাদের মরদেহ। এরা হলেন- এক গাড়িতে থাকা কাউন্সিলর নজরুল ইসলাম, তার সঙ্গী তাজুল ইসলাম, মনিরুজ্জামান স্বপন, লিটন ও তার গাড়িচালক জাহাঙ্গীর আলম এবং আরেকটি গাড়িতে থাকা আইনজীবী চন্দন সরকার ও তার গাড়িচালক ইব্রাহিম।
ঢাকা, ১২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ





