সুপ্রিক কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন বন্ধে বিক্ষোভ করেছে বিএনপিপন্থি আইনজীবীরা। বিএনপিপন্থি আইনজীবীদের নানা অভিযোগের পরও মিতি নির্বাচনের ভোটগ্রহণ অব্যাহত রয়েছে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি অডিটোরিয়ামে আওয়ামীপন্থি সাদা প্যানেল সমর্থকরা ভোটে অংশগ্রহণ করেছেন।

অ্যাডভোকেট মনিরুজ্জামান খানের নেতৃত্বাধীন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ডেপুটি অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান মনির বলেন, দুপুর পৌনে ১২টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট শাখার সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল বলেন, এ নির্বাচন পরিচালনা কমিটির অধীনে কোনো নির্বাচন হবে না। আমরা নতুন নির্বাচন পরিচালনা কমিটির গঠনের দাবিতে আন্দোলন করে যাচ্ছি।

আজ সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরুর কথা থাকলেও নতুন নির্বাচন পরিচালনা কমিটি গঠনের দাবিতে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত অডিটোরিয়ামে বিক্ষোভ শুরু করেন বিএনপিপন্থি আইনজীবীরা। সকাল সাড়ে ১১টার দিকে বিপুল সংখ্যক পুলিশ সদস্য অডিটোরিয়ামে প্রবেশ করে বিএনপিপন্থি আইনজীবীদের ওপর লাঠিচার্জ করে বের করে দেয়। পুলিশের লাঠিচার্জে বিএনপির প্রায় ১৫ জন আইনজীবী এবং ১০ জন সাংবাদিক আহত হন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মো. মনসুরুল হক চৌধুরীর পদত্যাগ, নতুন নির্বাচন পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে মঙ্গলবার (১৪ মার্চ) দিনভর আওয়ামী লীগ ও বিএনপিপন্থি আইনজীবীদের স্লোগানে উত্তপ্ত ছিল সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ। পাল্টাপাল্টি নির্বাচন পরিচালনা উপ-কমিটি ঘোষণা করে উভয়পক্ষ। রাতে বিএনপি ও আওয়ামী সমর্থক আইনজীবীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনাও ঘটে।

এদিকে আওয়ামীপন্থি আইনজীবীরা অভিযোগ করছেন, ব্যারিস্টার খোকন ও কাজলের নেতৃত্বে ব্যালট পেপার ছিনতাই করা হয়েছে। রাতেই ব্যালট পেপারে সিল মারা হয়েছে বলে অভিযোগ বিএনপিপন্থি আইনজীবীদের।

এইচএম