কুমিল্লার দাউদকান্দিতে চাঁদাবাজ যুবলীগ নামধারী মনির ও আল-আমিন গ্রুপের সাথে শ্রমিকদের সংঘর্ষের ঘটনায় পাশের ক্ষেতে কাজ করা মো. ইসহাক মিয়া (৬০) নামে এক চাষী গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরো ছয় জন।
রোববার সন্ধ্যায় দাউদকান্দির সদর উত্তর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের গোমতী নদীর পাড়ে এ ঘটনা ঘটে।
নিহত ইসহাক মিয়া উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত লাল মিয়ার ছেলে। এ ঘটনায় নিহত ইসহাক মিয়ার ছেলে গুলিবিদ্ধ আবুল কালাম (৩৫) ও রতন মিয়াসহ (৩৪) ছয় জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তাৎক্ষনিকভাবে অন্যান্য গুলিবিদ্ধদের নাম জানা যায়নি।
এলাকাবাসী সূত্রে জানা যায়, যুবলীগ নামধারী মনির ও আল-আমিন গ্রুপের সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে গোমতী নদীতে বালুবাহী জাহাজ থেকে চাঁদাবাজি করে আসছে। তারা সম্প্রতি কৃষ্ণপুর গ্রামে ড্রেজারের মালিক রতন মিয়ার কাছেও সম্প্রতি মোটা অংকের চাঁদা দাবি করে। রোববার সন্ধ্যায় চাঁদার টাকা নেওয়ার জন্য গেলে জাহাজের লোকজন তাদের ধাওয়া করে। ধাওয়া খেয়ে সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এ সময় ঘটনাস্থলের পাশে খেতে কাজ করছিলেন ইসহাক মিয়া ও তার ছেলে আবুল কালাম। সেখানে বাবা-ছেলে উভয়েই গুলিবিদ্ধ হন।
গুলিবিদ্ধ ইসহাক মিয়া ও আবুল কালামকে স্থানীয় গৌরীপুর হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক ইসহাক মিয়াকে মৃত ঘোষণা করেন।
দাউদকান্দির মডেল থানার ওসি আবু ছালাম মিয়া জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে সেকানে কাউকে আটক করা সম্ভব হয়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলাও হয়নি।
ইআর





