আরও তিনটি নতুন ব্যাংকের অনুমোদন দেবে সরকার বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

আজ (সোমবার) রাজধানীর ঢাকা ক্লাবে বীমা বিষয়ক এক সেমিনার শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ) এবং বাংলাদেশ ইনস্টিটিউশন ফর প্রফেশনাল ডেভেলপমেন্ট (বিআইপিডি) এই সেমিনারের আয়োজন করে।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী বলেন, দু’টি নয় সরকার তিনটি ব্যাংকের অনুমোদন দিচ্ছে। তবে ব্যাংক তিনটির নাম জানতে চাইলে তা না জানিয়ে অর্থমন্ত্রী বলেন, অনুমোদন দেয়া হয়ে গেলেই আপনারা জানতে পারবেন।

দেশে ব্যাংক খাতের অবস্থা এমনিতেই ভালো নয় এবং ব্যাংকের সংখ্যাও অনেক বেশি। আরও ব্যাংক দিলে সমস্যা আরও বাড়বে কিনা? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে মুহিত বলেন, “এটা কোন বিষয় না। যাদের সমস্যা আছে সেগুলোর মার্জারের সুযোগ রয়েছে। লিকুইডিটি (তারল্য) মানির ওপরও প্রভিশন সংরক্ষণ করা আছে।”

এ সময় তিনি বলেন, বাংলাদেশে অনেক ব্যাংকের অনুমোদন দেয়া হয়েছে। কিন্তু এখন পর্যন্ত ব্যাংকিং কার্যক্রমের আওয়তার বাইরে অনেক এলাকা রয়েছে। সেসব এলাকায় ব্যাংকিং কার্যক্রম চালু করতে হবে।

ব্যাংক ঋণের বিপরীতে বীমা (ব্যাংক ইন্স্যুরেন্স) বাধ্যতামূলক করা’সহ বীমা খাতের উন্নয়নে চার ধরনের পদক্ষেপ নেয়া হবে বলেও জানান অর্থমন্ত্রী।

এমবি