শুল্ক ফাঁকি দেয়ার অভিযোগে প্রায় পাঁচ কোটি টাকা মূল্যের বিলাসবহুল বিএমডব্লিউ এক্স-৫ মডেলের কালো রঙের একটি গাড়ি জব্দ করেছেন শুল্ক গোয়েন্দারা।
মঙ্গলবার তেজগাঁও এলাকায় ৩৪৫ নম্বরের মাল্টিব্রান্ড ওয়ার্কশপ থেকে পরিত্যক্ত অবস্থায় গাড়িটি জব্দ করা হয় বলে জানান শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান।
তবে গাড়ি চালক কিংবা মূল মালিককে খুঁজে পায়নি শুল্ক গোয়েন্দা অধিদপ্তর।
শুল্ক গোয়েন্দা সূত্র জানায়, অবৈধভাবে আমদানিকৃত বিএমডব্লিউ এক্স-৫ মডেলের গাড়িটি তেজগাঁও এলাকায় ৩৪৫ নম্বরের মাল্টিব্রান্ড ওয়ার্কশপ থেকে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। তাজুল নামের এক ড্রাইভার প্রায় একমাস আগে মেরামতের জন্য ঐ ওয়ার্কশপে রেখে যান।
কিন্তু এরপর কেউ এটি নিতে আসেননি। গাড়িটিতে ভুয়া নম্বর ঢাকা মেট্রো শ ০০-০৫০১ প্লেট ব্যবহার করা অবস্থায় পাওয়া গেছে।
অনুসন্ধান করে প্রকৃত মালিককে খুঁজে বের করে ব্যবস্থা নেওয়া হবে বলেও শুল্ক গোয়েন্দা সূত্রে জানা গেছে।
বাংলাদেশে বিলাসবহুল গাড়ি আমদানিতে উচ্চহারে শুল্ক দিতে হয় বলে অনেক নানা কৌশলে শুল্ক ফাঁকি দেয়ার চেষ্টা করেন।
এমআর





