বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার বা প্রায় ৬৪৫ কোটি টাকা চুরির ঘটনায় চাকরি খোয়ালেন ফিলিপাইনের আরেক ব্যাংকার।
এ ঘটনায় রিজাল কমার্সিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসি) নির্বাহী ভাইস প্রেসিডেন্ট এবং কোষাধ্যক্ষ রাউল ভিক্টর ট্যান পদত্যাগ করেছেন বলে বৃহস্পতিবার ফিলিপাইন স্টক এক্সচেঞ্জকে অবহিত করা হয়।
গতকাল তিনি পদতাগ করেন বলে জানায় ফিলিপাইনের পত্রিকা দা এনকোয়ারার।
গত ৫ ফেব্রুয়ারি ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক থেকে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি হয় এবং তা আরসিবিসির চারটি শাখার মাধ্যমে হস্তান্তর করা।
ভিক্টর ট্যানের পদত্যাগের কারণ জানানো হয়নি। ব্যাংকটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কার্লোস সিজার মার্কেডোকে ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ করা হয়েছে।
ভিক্টর ট্যান সাত বছর যাবৎ ব্যাংকটিতে কর্মরত ছিলেন।
এর আগে ফিলিপাইনের সিনেটেনর ব্লু রিবন কমিটিতে হাজির হয়েছিলেন ভিক্টর।
তার বিরুদ্ধে বাংলাদেশের অর্থ চুরির ব্যাপারে ভুল বিচারের অভিযোগ এনে সতর্ক করা হয়েছিল। কিন্তু আরসিবিসির অভ্যন্তরীণ তদন্তে ব্যাংকের শাখা ব্যবস্থাপক মায়া সান্তোষ-দেগুইতোর সাথে সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।
এ ঘটনায় জড়িয়ে এর আগে চাকরি খুইয়েছেন মায়া সান্তোষ।
এদিকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের আটশ কোটি ডলার চুরির সঙ্গে সংশ্লিষ্ট সব ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন আগামী ২০ দিনের জন্য স্থগিতের নির্দেশ দিয়েছে দেশটির একটি আদালত।
ফিলিপিন্সের ক্যাসিনো ব্যবসায়ী কিম অং ওই অর্থের যে অংশ এরইমধ্যে দেশটির মুদ্রা পাচার প্রতিরোধ কাউন্সিলকে ফেরত দিয়েছেন তাও সম্পদ জব্দের এ আদেশের আওতায় রয়েছে বলে জানিয়েছে ফিলিপাইন স্টার পত্রিকা।
হাতিয়ে নেওয়া বাংলাদেশ ব্যাংকের ৮১ মিলিয়ন ডলারের একটা অংশ হাতে আসার কথা স্বীকার করেছেন কিম অং। তবে চুরি করে ওই অর্থ নেওয়ার বিষয়টি তার জানা ছিল না বলে দাবি করেছেন তিনি।
আদালতের আদেশে ফিলিপিন্স ন্যাশনাল ব্যাংকে (পিএনবি) অংয়ের ৪.৪৬ মিলিয়ন পেসোর অ্যাকাউন্ট, একই ব্যাংকে ক্যাসিনো অপারেটর ইস্টার্ন হাওয়াই লেইজার কোম্পানি লিমিটেডের ৫.৭৪ মিলিয়ন পেসোর অ্যাকাউন্ট এবং আরসিবিসির ব্যবসায়ী উইলিয়াম গোর নামে থাকা ১৯,৯৮৩ পেসোর অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দেওয়া হয়েছে।
ফিলিপিন্সের মুদ্রা পাচার প্রতিরোধ কাউন্সিল-এএমএলসি কিম অং, ইস্টার্ন হাওয়াই ও গোর বিরুদ্ধে জালিয়াতির মামলা করার পর সোমবার সম্পদ জব্দের এ আদেশ দেয় আদালত। আগামী ২ মে এ বিষয়ে শুনানির দিন রাখা হয়েছে।
এম আর





