বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মহাপরিচালক রবার্ত এজেনেডো ও জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থার (আঙ্কটাড) মহাসচিব মুখিসা কিটুউই বাংলাদেশ সফর করবেন। চলতি বছরের মাঝামাঝি সময়ে তারা বাংলাদেশ সফরে আসবেন বলে রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
জেনেভা সফরকালে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে অনুষ্ঠিত সাক্ষাতে এই দুই ব্যক্তি বাংলাদেশ সফরের ইচ্ছা ব্যক্ত করেছেন।
গত ৪ এপ্রিল অনুষ্ঠিত ‘বালি থেকে ২০১৫ পরবর্তী উন্নয়ন এজেন্ডা: এলডিসি পারসপেকটিভ’—শীর্ষক সম্মেলন উপলক্ষে জেনেভা সফর করেন বাণিজ্যমন্ত্রী।
ডব্লিউটিও মহাপরিচালক ও আঙ্কটাডের মহাসচিব দুজনই ডব্লিউটিওর সুবিধা ব্যবহার করে বাণিজ্য সক্ষমতার উন্নয়ন, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জন, জীবনমানের উন্নয়ন, কর্মসংস্থান ও মাথাপিছু আয় বাড়াতে সক্ষম হওয়ায় বাংলাদেশের প্রশংসা করেন।
[b]ঢাকা, ৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]